মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্মাণকাজ ঘুরে দেখেন তিনি।
এ সময় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু প্রকল্পের নির্মাণকাজে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মাছ অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন হবে। এতে জেলেরা তাঁদের আহরিত মাছের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রকল্পটির নির্মাণকাজ পরিচালনাকারী জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের (JDC–Konoike Joint Venture) ব্যবস্থাপক মি. হাজুই ও মি. ইকেদা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ব্যবস্থাপক হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীনসহ জাইকা প্রকল্প ও বিএফডিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৩২ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বছরে মাছ অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। একই সঙ্গে বরফ উৎপাদনের বার্ষিক সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টন হবে।
এ ছাড়া প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা তৈরি হবে। পাশাপাশি ট্রলার থেকে মাছ অবতরণের জন্য অপেক্ষার সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে বলে আশা করা হচ্ছে।