বান্দরবানের রুমা থেকে ভারতের মিজোরামে পালিয়ে থাকা বম জনগোষ্ঠীর এক পরিবারের ৪ সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় নিজ ভূমি বাংলাদেশে ফিরেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর পাইন্দু ইউনিয়নের মুন্নুয়াম পাড়ায় তারা নিজ বসত ভিটায় ফিরে আসেন।
ফিরে আসা পরিবারের সদস্যরা হলেন, সানদান বম (৪১), বিয়াকথাং ময় বম (৩৯), লিয়ানদিক বম (১৭) ও সামুয়েল বম (২৬)।
এদিকে, ফিরে আসা পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে খাদ্য ও দৈনন্দিন প্রয়োজন পূরণের অংশ হিসেবে ৫০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৭ কেজি তেল, ৫ কেজি লবণ, ৫ কেজি আলু ও ৫ কেজি পেঁয়াজসহ অন্যান্য প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী। এছাড়াও বসতঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ৩ বান্ডিল ঢেউটিন ও একটি সোলার প্যানেল এবং পরিবারের প্রাথমিক আর্থিক প্রয়োজন মেটাতে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তাও দেওয়া হয়।
জানা যায়, ২০২৪ সালের ৫ মার্চ নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে মুননাম পাড়ার একটি বম পরিবার এবং অন্য একটি পরিবারের একজন সদস্য মিজোরামে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে রুমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসেন। এদিকে ফিরে আসা পরিবারের সদস্যদের পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মিজোরাম থেকে ফিরে আসা সানদান বম বলেন, কেএনএফ ইস্যু নিয়ে পাহাড়ে যৌথ বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানের সময় নিরাপত্তাজনিত কারণে পরিবারের ৪ সদস্যসহ পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরামে পালিয়ে গিয়েছিলাম।
তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাবাহিনীর সহযোগিতায় আমরা বাংলাদেশে নিজ বসত ভিটায় ফিরতে সক্ষম হয়েছি। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেকে খাদ্য সহায়তাসহ বিভিন্ন দিক থেকে সহযোগিতা করা হয়েছে।
এদিকে, দীর্ঘদিন নিজ পাড়ার বাইরে অবস্থানের কারণে অনেক পরিবারের বসতঘর জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব পরিবারের খাদ্য, বাসস্থান, শিক্ষা ও জীবিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। এর ফলে প্রত্যাবর্তনকারী পরিবারগুলো নিজ পাড়ায় থেকে পুনরায় স্বাভাবিক জীবনযাপন ও জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছে।
সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, মুননাম পাড়ার এ প্রত্যাবর্তন রুমায় চলমান পুনর্বাসন কার্যক্রমেরই ধারাবাহিকতা। এর আগে ভারতের মিজোরাম থেকে দার্জিলিং পাড়ায় ১টি, নাজেরাত পাড়ায় ১টি এবং মুয়ালপি পাড়ায় ১টি পরিবার নিজ পাড়ায় ফিরে এসে পুনর্বাসিত হয়েছে। এ নিয়ে রুমার বিভিন্ন পাড়ায় এখন পর্যন্ত ৬৮টি পরিবার নিজ ভূমিতে ফিরে এসে পুনর্বাসিত হয়েছে।
ভারতের মিজোরাম থেকে নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসতে ইচ্ছুক পরিবারগুলোর নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাত্রায় পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে যাবে বলে জানা গেছে।