অপ্রীতম হত্যাকাণ্ডে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের তীব্র ক্ষোভ ও নিন্দা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারানো ইশায়াত শাহরিয়ার অপ্রীতমের মৃত্যুতে তীব্র ক্ষোভ ও গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন।

বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সংগঠক সেলিম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সম্পাদক ও মুখপাত্র এ নিন্দা জানায়।
 
সংগঠনের সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু ও মুখপাত্র সাম্য শাহ এক যৌথ বিবৃতিতে গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বর্তমানে এক অস্বাভাবিক রূপ ধারণ করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ এত বড় পরিবর্তনের পরও এ দেশে নাগরিকদের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই।

নেতৃদ্বয় আরও বলেন, অপ্রীতমের এমন অকাল ও নৃশংস মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। এই ঘটনা প্রমাণ করে যে, রাষ্ট্র নাগরিকদের বিশেষ করে শিশুদের নিরাপত্তা দিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে নাগরিকদের জান-মালের নিরাপত্তায় আরও কঠোর ও সতর্ক ভূমিকা পালনের জোর দাবি জানানো হয়। একই সাথে, অবিলম্বে সাঁড়াশি অভিযানের মাধ্যমে অপ্রীতমের হত্যাকারীদের গ্রেপ্তারসহ সকল অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দেশকে দ্রুত স্থিতিশীল করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত