যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এসএস নাওকে হোয়াইট হাউজ থেকে কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, এসব সংবাদমাধ্যম তার প্রশাসনের বিরুদ্ধে ‘নিয়মিত ভুয়া ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশ করে আসছে। একইসঙ্গে ভবিষ্যতে আরও সংবাদমাধ্যমের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে বলেও হুমকি দিয়েছেন তিনি।
হোয়াইট হাউজের এ পদক্ষেপকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ট্রাম্পের আঘাতের সর্বশেষ নজির বলে মনে করছেন অনেকেই। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে লেখা বা প্রতিবেদন করার সময় তাদের ক্রমাগত মিথ্যা ও মনগড়া লেখার সুযোগ থাকা উচিত নয়।’ ট্রাম্পের অভিযোগ, কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে তার প্রশাসন ও রিপাবলিকানদের নেতিবাচকভাবে তুলে ধরে।
এর প্রতিক্রিয়ায় পলিটিকো বলেছে, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাবে এবং সংবিধানের আওতায় তাদের অধিকার রক্ষায় লড়াই করবে। এক বিবৃতিতে সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউজ থেকে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পাশে রয়েছে তারা। তবে এসএস নাও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।