সমাজকল্যাণমন্ত্রী বললেন

মানুষের পাশে থাকলে তারাও পাশে থাকবে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

স্থানীয় সরকার নির্বাচনে সফল হতে হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি লাঠি সবাই ভেঙে ফেলতে পারে, কিন্তু ১০টি লাঠি একসঙ্গে বাঁধা থাকলে তা ভাঙা কঠিন। ঠিক তেমনি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের দুর্বল করতে পারবে না।

গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুঁচদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, শুধু মঞ্চে উপস্থিত মানুষ নয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে যেতে হবে। বিশেষ করে যেসব মা-বোন এখনো আমাদের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের আস্থা অর্জন করতে হবে। কথাবার্তা, আচরণ ও ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে পারলে জনগণ আপনাদের পাশে থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত