১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এসব শিক্ষক নির্বাচন কীভাবে করা হবে, সে বিষয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতি বছর ৫ অক্টোবর সারা দেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত নীতিমালা অনুযায়ী, দেশের বিভিন্ন স্তরের ১০০ গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন। এতে আরও বলা হয়েছেÑ উপজেলা, জেলা ও জাতীয়পর্যায়ে দিবসটি একযোগে উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছেÑ ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদযাপন, সমাজের সবস্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন।

নীতিমালা অনুযায়ী, মোট ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকপর্যায়ে সাধারণ শিক্ষা থেকে ৫ জন এবং মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন; মোট ১০ জন। মাধ্যমিকপর্যায়ে সাধারণ শিক্ষা থেকে ১০ জন, কারিগরি শিক্ষা থেকে ৫ জন এবং মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন; মোট ২০ জন। কলেজপর্যায়ে সাধারণ শিক্ষা থেকে ১৫ জন, কারিগরি থেকে ৫ জন এবং মাদ্রাসা থেকে ৫ জন; মোট ২৫ জন।

সাধারণ বিশ্ববিদ্যালয়ে মোট ২০ জন। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন। বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানের (২০ জন) মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন। এবং প্রধানমন্ত্রী কর্র্তৃক নির্বাচিত ৫ জন শিক্ষক এ সম্মাননা পাবেন। তবে বিশেষ প্রয়োজনে জাতীয় স্টিয়ারিং কমিটি সম্মাননার স্তর ও সংখ্যা পরিবর্তন করার এখতিয়ার রাখবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। নীতিমালায় আরও বলা হয়েছে, গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজনের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে।

একইভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজনের প্যানেল প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্য স্টিয়ারিং কমিটির কাছে পেশ করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত