সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোমাবাজি, বাসে আগুনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের আটকের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দলটির ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, মহানগরী মজলিসে শূরা সদস্য মাস্টার আশরাফুল আলম, মনিরুল ইসলাম মৃধা, এডভোকেট আলাউদ্দিন সোহেল, আব্দুল মোতাকাব্বির প্রমুখ।