মাদক কেনার টাকার জন্য সন্তান বিক্রির চেষ্টার অভিযোগ

বাসা থেকে মেয়েকে নিয়ে বের হয়ে মোবাইল বন্ধ করে দেন বাবা। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর মাদারবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম

চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় মাদক কেনার টাকা জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী মেয়েকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান শিশুটির মা সীমা আক্তার। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে সদরঘাট থানা পুলিশ।

অভিযোগ অনুযায়ী, সীমা আক্তারের স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। তিনি তাদের ২০ মাস বয়সী একমাত্র মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন। বের হওয়ার পর নিজের মোবাইল ফোনও বন্ধ করে দেন তিনি।

সীমা আক্তারের অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে সদরঘাট থানার মোবাইল টহল পুলিশ। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরের মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইনে সাগরের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়।

সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। শিশুটিকে যে বাসা থেকে উদ্ধার করা হয়েছে, সেটি সাগরের খালাতো ভাইয়ের বাসা।

ওসি বলেন, সাগর তার খালাতো ভাইকে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সাগরের খালাতো ভাই কৌশলে তার কাছ থেকে শিশুটিকে নিয়ে নিজের হেফাজতে রাখেন।

পুলিশ জানায়, লোকমান হোসেন সাগর ট্রাকের হেলপার এবং সীমা আক্তার গৃহপরিচারিকার কাজ করেন। তারা নগরের পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাঙ্ক এলাকায় বসবাস করেন। সীমা কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার মেয়ে।

শিশুটিকে উদ্ধারের পর সীমা আক্তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেননি বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত