বিনিয়োগ আকর্ষণে কুয়ালালামপুর যাচ্ছে ডিসিসিআই প্রতিনিধিদল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ এএম

বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি বাণিজ্য প্রতিনিধিদল মালয়েশিয়া সফরে যাচ্ছে। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে দলের সদস্য সংখ্যা মোট ৩৯ জন। গতকাল রবিবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি বাড়ানো এবং দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ খুঁজবে প্রতিনিধিদলটি।

২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর করবে তারা। এ সময় মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করার পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে প্রতিনিধিদলটি। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সফরের বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে।

সফরকালে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা ও ব্যবসায়ীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে (বিটুবি) অংশ নেবে প্রতিনিধিদল। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা মালয়েশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরির সুযোগ পাবেন।

এ ছাড়া বাণিজ্য প্রতিনিধিরা ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহৎ হালাল পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যমেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এ অংশ নেবে। সেখানে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সঙ্গে হালাল শিল্পে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবেন তারা।

সফরকালে মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে ডিসিসিআই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে ৩৭ শতাংশই বাংলাদেশি। তারা ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে ৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় রপ্তানি হয়েছে ২৮ কোটি ২০ হাজার মার্কিন ডলারের পণ্য এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশ আমদানি করেছে ২ দশমিক ২৯৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

এ ছাড়া মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে ইতিমধ্যে ৭৫৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, রাসায়নিক ও ওষুধ, নির্মাণ এবং বস্ত্রসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগ রয়েছে।

ডিসিসিআইয়ের প্রতিনিধিদলটির ২৫ সেপ্টেম্বর ঢাকা ফেরার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত