বিরতি ভেঙে একসঙ্গে আসিফ-রাজেশ জুটি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

দেশের অডিও অঙ্গনের জনপ্রিয় জুটি কন্ঠশিল্পী আসিফ আকবর ও সুরকার রাজেশ ঘোষ প্রায় আট বছর পর একসঙ্গে গান করলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন করলেন তারা। গানটির কথা ও সুর রাজেশ ঘোষের। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। তবে এখনই  এ প্রসঙ্গে বিস্তারিত প্রকাশ করেননি দুইজন। রাজেশ বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে করলাম। এটা আসলে একটা বিশেষ প্রকল্পের গান। পুরো প্রকল্পের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে।’ 

দীর্ঘদিন পর আবার আসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন রাজেশ। তার ভাষায়, আসিফের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। পারস্পরিক সম্মান ও ভালোবাসার জায়গা থেকেই তাদের একসঙ্গে কাজ করা বরাবরই আনন্দের। রাজেশের সুরে আসিফ আকবরের নতুন গান আসার খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত ভক্তরা। দীর্ঘদিন পর প্রিয় জুটিকে আবার একসঙ্গে পাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। তবে গানটি শুনতে শ্রোতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত