নবাবী লুকে চমক দেখালেন ফেরদৌস ওয়াহিদ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে বসবাস পপ সংগীতের অন্যতম শিল্পী ফেরদৌস ওয়াহিদের। তবে অনেকদিন ধরেই গানে অনিয়মিত নন্দিত এই তারকা। জীবনের এই পর্যায়ে এসে হঠাৎ ‘নবাব’ সাজে চমক দেখালেন তিনি। পরনে রাজকীয় পোশাক, মাথায় মুকুট দেখে শুরুতে অনেকেই বুঝতে পারেননি তিনি ফেরদৌস ওয়াহিদ। 

হঠাৎ কেন নবাবের সাজে তিনি? কৌতুহল মেটালেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। জানালেন, তার এই সাজ মূলত চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য। ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব তৈরি করা হচ্ছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য। সেখানেই সংগীতশিল্পীরা অভিনয় করলেন যাত্রাপালায়। আর এতে নবাব চরিত্রে পালা করেছেন ফেরদৌস ওয়াহিদ। শিল্পী বলেন, ‘অনুষ্ঠানটির আইডিয়া একেবারে ভিন্ন। যাত্রাপালা হলেও এখানকার বেশিরভাগই গানের শিল্পী। ফলে একেবারে নতুন এক অভিজ্ঞতা হলো। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’ 

এ যাত্রাপালায় লর্ড ক্লাইভের ভূমিকায় অভিনয় করেছেন সংগীতশিল্পী সৈয়দ রেজা আলী। বিভিন্ন চরিত্রে আরো আছেন সংগীতশিল্পী পথিক নবী, নীলু বিল্লাহ, হুমায়রা বশীর, পুনম প্রিয়া, পলাশ প্রমুখ। জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত