কেমন হলো জাভির প্রথম কমলা দল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই চমক ও স্পষ্ট বার্তা দিলেন জাভি হার্নান্দেজ। উয়েফা নেশনস লিগের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন এই স্প্যানিশ কোচ, যেখানে রয়েছে দুই নতুন মুখ। পাশাপাশি দলের নেতৃত্ব, কৌশলগত পরিবর্তন এবং স্কোয়াড নির্বাচন নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা পরিষ্কার করেছেন ডাচদের এই নতুন বস।

রোনাল্ড কোম্যানের বিদায়ের পর আগস্টে ডাচদের দায়িত্ব নেন জাভি। নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন, লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকই দলের অধিনায়ক হিসেবে থাকছেন। লিভারপুলে ফন ডাইকের সাথে নিজের সাক্ষাতের কথা উল্লেখ করে জাভি বলেন, "আগামী দুই বছর ভার্জিলই ডাচ দলের অধিনায়ক থাকবে। সে একজন দারুণ লিডার এবং এই প্রজেক্ট নিয়ে অত্যন্ত ইতিবাচক। তার নেতৃত্ব চালিয়ে না যাওয়ার কোনো কারণ আমি দেখিনি।"

অনেকে ধারণা করেছিলেন স্কোয়াডে হয়তো বড় কোনো বিপ্লব আসবে অথবা ইয়ুর্গেন ক্লপের মতো বিশাল স্কোয়াড ঘোষণা করা হবে। তবে জাভি ২৬ জনের স্কোয়াডেই ভরসা রেখেছেন। তার মতে, ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের সাথে ব্যক্তিগত মিটিং করা এবং তাদের ভূমিকা বোঝানোর জন্য এই সংখ্যাটিই বর্তমানে আদর্শ।

জাভির প্রথম স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পিএসভি-র লেফট-উইঙ্গার রুবেন ফন বোমেল এবং ফেইনুর্দের মিডফিল্ডার জিভাই জেচিয়েল। রুবেন ফন বোমেল হলেন ২০১০ বিশ্বকাপ খেলা সাবেক ডাচ তারকা মার্ক ফন বোমেলের ছেলে।

ডাচদের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা মেমফিস ডিপাইকে স্কোয়াডের বাইরে রেখেছেন জাভি। তবে তিনি জানিয়েছেন, মেমফিসের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, ফর্ম প্রমাণ করে তিনি যেকোনো সময় ফিরতে পারবেন। অন্যদিকে জাস্টিন ক্লাইভার্ট এবং ডনিয়েল মালেন শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে গেছেন। কোম্যানের আমলে উপেক্ষিত থাকা জোয়ি ভিরমান অবশ্য জাভির স্কোয়াডে নিজের জায়গা ফিরে পেয়েছেন।

'ফলস নাইন' কৌশলের ইঙ্গিত

ব্রায়ান ব্রোবি এবং মেক্স মেয়ারডিংক স্কোয়াডের মূল স্ট্রাইকার। তবে পিএসভি-তে 'ফলস নাইন' হিসেবে খেলা গাস তিল স্কোয়াডে যুক্ত হওয়ায় নতুন জল্পনা শুরু হয়েছে। ২০১২ ইউরোতে স্পেনের মতো ডাচরাও 'ফলস নাইন' খেলাবে কিনা—এমন প্রশ্নের জবাবে জাভি খোলা মনেই বলেন, "কেন নয়? আমাদের খেলার ভিন্ন ভিন্ন উপায় আছে। আমরা কৌশলগতভাবে মানিয়ে নিতে পারি।"

ক্রাইসেনসিও সামারভিল এবং টিজানি রেইন্ডার্সের মতো তারকারা সম্প্রতি সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছেন। কোম্যানের অধীনে হয়তো তারা বাদ পড়তেন, কিন্তু কাতারের আল-সাদে খেলার ও কোচিং করানোর অভিজ্ঞতা থাকা জাভি এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান, "আমরা লিগ বা ক্লাবের মানের চেয়ে খেলোয়াড়ের ব্যক্তিগত গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছি। সেখানে ভালো খেললে তারা অবশ্যই ডাক পাবে।"

নেশনস লিগের ব্যস্ত সূচি আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় জার্মানির বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে জাভির ডাচ অধ্যায়। এরপর ২৭ সেপ্টেম্বর বেলগ্রেডে সার্বিয়া, ১ অক্টোবর গ্রিসে এবং ৪ অক্টোবর ঘরের মাঠে আবারও সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের হেডকোয়ার্টার জেইস্টে স্কোয়াডের সবাই একত্রিত হবেন। জাভির ব্যাকরুম স্টাফ হিসেবে কাজ করবেন রুড ফন নিস্টেলরয়, আদিল রামজি, অস্কার হার্নান্দেজ এবং সার্জিও অ্যালেগ্রের মতো পরিচিত মুখেরা।

জাভির প্রথম স্কোয়াড

গোলকিপার

বার্ট ভারব্রুগেন, রবিন রুফস, মার্ক ফ্লেকেন
 
ডিফেন্ডার
ইউরিয়েন টিম্বার, ডেনজেল ডামফ্রিস, মিকি ভ্যান ডি ভেন, ইয়ান পল ভ্যান হেকে, ভার্জিল ভ্যান ডাইক, জেরেমি ফ্রিম্পং, ইয়োরেল হাটো, নাথান আকে, লুৎশয়ারেল খেরত্রুইদা'
 
মিডফিল্ডার
রায়ান গ্রাভেনবার্ক, টিজানি রেইন্ডার্স, জোই ভিয়ারম্যান, জিভাই জেচিয়েল, কেনেথ টেলর, টান কুপমাইনার্স, কুইন্টেন টিম্বার
 
ফরোয়ার্ড
ক্রিসেনসিও সামারভিল, জাস্টিন ক্লাইভার্ট, কোডি গাকপো, রুবেন ফন বমেল, ব্রায়ান ব্রবি, ডনিয়েল মালেন, নোয়া লাং
 
সর্বশেষ সর্বাধিক পঠিত