সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণে বিশেষ বিধান রেখে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ বিল উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিলটি উত্থাপনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর এর বিরোধিতা করেন জামায়াতের সংসদ সদস্য।
নতুন এই আইনের বিলে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবহার বাধ্যতামূলক হবে না।
আইন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি ও বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদ, আঙিনা, ভবনসংলগ্ন পতিত জমি ও জলাশয়ে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ আইনের আওতায় পড়বে না।
গত ১৯ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়েছে। এর আগে একই দিন জারি করা ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ রহিত করে আইনটি করা হয়েছে। অধ্যাদেশের অধীনে নেওয়া কার্যক্রম ও ব্যবস্থা নতুন আইনের অধীনে গৃহীত হয়েছে বলে গণ্য হবে।
দুই মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন
আইনে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য দুটি বিনিয়োগ মডেল রাখা হয়েছে—ওপেক্স ও ক্যাপেক্স। ওপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে গ্রাহকের উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।
অন্যদিকে, ক্যাপেক্স মডেলে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে, স্থাপন করবে এবং এর মালিকানা সংরক্ষণ করবে। তবে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারাই ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় এ মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবে। আইনে ওপেক্স মডেলকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
সার্ভিস প্রোভাইডার নির্বাচনের জন্য জেলাভিত্তিক যোগ্য প্রতিষ্ঠানের তালিকা করবে উপযুক্ত কর্তৃপক্ষ। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে গ্রাহক প্রতিযোগিতার মাধ্যমে সেবা প্রদানকারী নির্বাচন করবেন। তবে গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডার ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের সাহায্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবেন।
ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক
আইনের আওতায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে চুক্তির আদর্শ নমুনা ও শর্ত নির্ধারণ করবে।
চুক্তিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মেরামত ও যন্ত্রপাতি প্রতিস্থাপনের দায়িত্ব নির্ধারণ করতে হবে। উৎপাদিত বিদ্যুতের বণ্টন, গ্রাহকের ব্যবহারের জন্য ন্যূনতম বিদ্যুতের অংশ, অতিরিক্ত বিদ্যুতের মূল্য, বিল পরিশোধ এবং নেট-মিটারিংয়ের মাধ্যমে হিসাব সমন্বয়ের বিষয়ও এতে অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার-অনুপযোগী হলে সেগুলোর নিরাপদ সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার ও অপসারণের ব্যবস্থা রাখতে হবে। এ ক্ষেত্রে প্রস্তুতকারক, সরবরাহকারী বা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে টেক-ব্যাক স্কিম বাস্তবায়নের বিধানও রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল
সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠন করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, অর্থ এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী এ কাউন্সিলের সদস্য থাকবেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগের সচিব এতে থাকবেন। বিদ্যুৎ বিভাগের সচিব কাউন্সিলের সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
কাউন্সিলের কাজ হবে সৌরবিদ্যুতের বিস্তার ও জাতীয় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে নীতিগত দিকনির্দেশনা দেওয়া, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং নেট-মিটারিং, প্রণোদনা, ট্যারিফ কাঠামো ও বিনিয়োগ মডেলের অগ্রগতি পর্যালোচনা করা।
জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে। উপজেলা কমিটি প্রতি মাসে এবং জেলা কমিটি প্রতি তিন মাসে কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ওপরের কমিটিতে পাঠাবে।
চুরি ও ক্ষতিসাধনে কারাদণ্ড-জরিমানা
আইনে সৌরবিদ্যুৎ বা এর যন্ত্রাংশ চুরির জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। চোরাই বলে জেনেও যন্ত্রাংশ কেনা, বিক্রি বা নিজের হেফাজতে রাখলেও একই শাস্তি হবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থার কোনো যন্ত্রাংশের ক্ষতিসাধন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া যাবে। উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অন্য কাউকে অবৈধ সংযোগ দিলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, সংযোগ, পরিদর্শন বা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী কিংবা সার্ভিস প্রোভাইডারকে বাধা দিলেও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।
আইনের অধীন অপরাধের বিচার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হবে। মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত হলে এসব অপরাধের বিচার মোবাইল কোর্টেও করা যাবে।
উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ
আইনে নেট-মিটারিংয়ের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রাখা হয়েছে। গ্রাহক নিজের বিদ্যুতের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিতে পারবেন। নির্ধারিত বিলিং মেয়াদে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করা হবে। সমন্বয়ের পরও উদ্বৃত্ত বিদ্যুৎ থাকলে সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী তার মূল্য পাওয়ার সুযোগ থাকবে।
আইনের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার লক্ষ্যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবে আইনের ৯ ধারায় সরকার বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানকে নেট-মিটারিং-সংক্রান্ত প্রণোদনামূলক কার্যক্রম ঘোষণা ও জারির ক্ষমতা দেওয়া হয়েছে।
এ ছাড়া টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) তাদের ওয়েবসাইটে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ করবে এবং সেগুলো সচল রয়েছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে।