পুরান পল্টনে চাঁদার দাবিতে ‘ঠিকাদারকে হাতুড়িপেটা’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

রাজধানীর পুরান পল্টনে চাঁদার দাবিতে এক ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ সময় শ্রমিকদের বিল পরিশোধের জন্য রাখা ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। আহত ঠিকাদার কামাল হোসেন (৪৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পুরান পল্টনের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

আহত কামাল হোসেনের ভাই মনিরুল ইসলাম জানান, তাদের বাসা শনিআখড়ার জিয়া স্মরণী এলাকায়। তারা বিভিন্ন এলাকায় ভবন নির্মাণের ঠিকাদারি কাজ করেন। কয়েক দিন ধরে পুরান পল্টনে মাহমুদুর রহমানের মালিকানাধীন একটি ছয়তলা ভবনের নির্মাণকাজ করছেন তারা।

মনিরুল ইসলামের অভিযোগ, গত এক মাস ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই নির্মাণাধীন ভবনে এসে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। কেউ তাদের কাছ থেকে রড-সিমেন্ট কেনার জন্য চাপ দিচ্ছিলেন, আবার কেউ ইট-বালু সরবরাহের ভাগ দাবি করছিলেন। এসব দাবি তারা প্রত্যাখ্যান করায় তাদের ওপর ক্ষুব্ধ ছিল ওই যুবকেরা।

তিনি বলেন, বুধবার বিকেলে ১০ থেকে ১২ জন যুবক নির্মাণাধীন ভবনে এসে কামাল হোসেনকে হাতুড়ি দিয়ে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে শ্রমিকদের বিল পরিশোধের জন্য রাখা ৮৫ হাজার টাকা নিয়ে তারা চলে যায়। পরে আহত কামালকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে পল্টন থানায় জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, পল্টন থেকে এক ঠিকাদার আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত