লিগ স্থগিত এক রাউন্ড হয়েই

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ এএম

এক রাউন্ড হয়েই স্থগিত হয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ। গত ১৮ সেপ্টেম্বর মাঠে গড়িয়েছিল ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ। কিন্তু সূচি নিয়ে তৈরি হয়েছে একের পর এক জটিলতা। এরই মধ্যে চারবার ফিকশ্চারে পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ দ্বিতীয় রাউন্ড শুরুর কথা থাকলেও তা পিছিয়ে হয়েছে ২ অক্টোবর। তবে খেলা বন্ধ থাকলেও থেমে নেই ক্লাবগুলোর ব্যস্ততা। বরং লিগের এই বিরতিতে ঢাকার ক্লাবপাড়ায় চলছে বিদেশি ফুটবলার ও কোচদের আগমন-প্রস্তুতি।

নতুন মৌসুমে দল গুছিয়ে নিতে ব্যস্ত ক্লাবগুলো। কেউ আসছেন নতুন চুক্তিতে, কেউ আবার ফিরছেন পরিচিত ক্লাবে। ফলে মাঠে বল না গড়ালেও দলবদলের রোমাঞ্চে সরগরম ঢাকার ফুটবল অঙ্গন।

আবাহনীতে এবার দেখা যাবে পাঁচ বিদেশি ফুটবলারকে। তাদের জন্য ভিসা অন অ্যারাইভালের অনুমতি মিলেছে। নাইজেরিয়ার মাইকেল বাবাতুন্দে, সানডে কোলাওলে আফোলাবি, অ্যান্থনি আচু ওকাচি ও চিনেদু ম্যাথিউ ইদেনির সঙ্গে রয়েছেন পাকিস্তানের মইন আহমেদ। আবাহনী ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী জানিয়েছেন, এই পাঁচ ফুটবলারের শনিবার কিংবা রোববার ঢাকায় পৌঁছানোর কথা।

বিদেশি ফুটবলার আনার দৌড়ে পিছিয়ে নেই মোহামেডানও। বুধবার সাদা-কালো শিবিরে যোগ দিয়েছেন নাইজেরিয়ার এমানুয়েল সানডে ও এমানুয়েল টনি। গত মৌসুমে আবাহনীর হয়ে খেলা মালির দিয়াবাতেও এবার যোগ দিয়েছেন মোহামেডানে। এ ছাড়া উজবেকিস্তানের মোজাফফরের শনিবার ঢাকায় আসার কথা। একই দিনে মোহামেডানের আর্জেন্টাইন কোচ ভারেলারও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত