বাস ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন 

যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ল 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ এএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের পর যাত্রীবাহী লঞ্চেও ভাড়া বাড়ানো হয়েছে। ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি  কিলোমিটারের ভাড়া ২০ পয়সা করে বাড়ানো হয়েছে। এখন থেকে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নৌ পথের ভাড়া বৃদ্ধির কথা জানান।

নৌপরিবহন মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর নৌযানের মালিক, সমিতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়। তারা ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়, ডলারের দাম বৃদ্ধি এবং যন্ত্রাংশের মূল্য বাড়ার বিষয়গুলো তুলে ধরেন। মন্ত্রী বলেন, ‘লঞ্চ মালিকদের দাবি ছিল প্রায় ২৫ শতাংশ, সর্বশেষে ১৫ শতাংশের মতো ভাড়া বৃদ্ধি। কিছু কিছু ক্ষেত্রে তাদের দাবির যৌক্তিকতাও আছে। কিন্তু আমরা দ্বিপক্ষীয় মিটিং সফলতার সঙ্গে শেষ করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছি।’

তিনি আরও বলেন, এর আগে সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম  ১৫ শতাংশ বাড়লেও যাত্রীদের সক্ষমতা বিবেচনায় নৌযানের ভাড়া প্রায় সাড়ে ৬ শতাংশ বাড়ানো হয়েছিল। এবার তেলের দাম ১৭ দশমিক ৩৯ শতাংশ বাড়লেও ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। শেখ রবিউল আলম বলেন, ‘জনগণের ওপর খুব বেশি চাপ না পড়ে এবং মালিকদেরও ন্যূনতম যে ব্যয় সমন্বয় করা প্রয়োজন, সেটার মধ্যে থাকতে পেরেছি। আমার মনে হয় একটা যৌক্তিক পর্যায়ে ভাড়া বেড়েছে।’

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়লেও এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। গতবার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ার পরও রেলের ভাড়া বাড়ানো হয়নি। এবারও ভাড়া না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত রেলের ব্যাপারে আমরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিইনি। চেষ্টা করব এটা এইভাবে রাখতে।’

লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাপ) সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর সাংবাদিকদের বলেন, জ¦ালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে লঞ্চ পরিবহন মালিকরা দুঃসহ অবস্থার মধ্যে পড়েছেন। এ বিষয়ে সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বাস ভাড়ার প্রজ্ঞাপন জারি : এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত জারি হয়। এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২.৫৩ টাকার স্থলে ২.৭০ টাকা করা হয়েছে। দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.২৩ টাকা থেকে বাড়িয়ে ২.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ছয় জেলায় (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪৩ টাকার স্থলে ২.৬০ টাকা করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও  মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা বহাল রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এই ভাড়ার হার কেবল ডিজেলচালিত যানবাহনের জন্য প্রযোজ্য হবে; সিএনজি বা গ্যাসচালিত বাসের ক্ষেত্রে নয়। এ ছাড়া বাস ও মিনিবাসের ভেতরের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা আবশ্যিকভাবে টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত