নিখোঁজ শিশু উদ্ধার নিঃসন্তান দম্পতির কাছ থেকে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকা থেকে অপহরণ হওয়া ১১ মাসের শিশু নাফিজকে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর পুলিশ উদ্ধার করেছে। গত মঙ্গলবার তাকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হচ্ছেনÑ নিঃসন্তান দম্পতি সুজি আরা বেগম (৩৫) ও মানিকুজ্জামান (৩২)। তাদের বাড়ি শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামে।

গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী নিপা খাতুন তার ১১ মাস বয়সী সন্তান নাফিজকে ঘরে শুয়ে রেখে রান্নার কাজ শেষে দুপুর ১২টার দিকে ঘরে গিয়ে দেখেন সন্তান নেই।

খোঁজাখুঁজির এক পর্যায়ে রুবেলের প্রতিবন্ধী ভাতিজি জানায়, হাজারবিঘি বাজারে কেক কিনতে যাওয়ার সময় পাকা রাস্তার ওপর থেকে বোরকা পরা এক নারী নাফিজকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় রুবেল শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুজি আরাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকা থেকে সুস্থ অবস্থায় নাফিজকে উদ্ধার করে। এ ঘটনায় সুজি আরা বেগমের স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত