৬ হাজার ৮৬৫ কোটি টাকার ১২ প্রস্তাব অনুমোদন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ এএম

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৬ হাজার ৮৬৫ কোটি টাকা ব্যয়ের ১২টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর মধ্যে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে সার ক্রয় ছাড়াও রয়েছে ডাল ও এলএনজি কেনা এবং চীনের জন্য ইকোনমিক জোনের অবকাঠামো নির্মাণে চায়না রোডস অ্যান্ড ব্রিজ করপোরেশনকে নিয়োগে ব্যয় ৩ হাজার ৬৩০ কোটি টাকা এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের সিঙ্গেল পয়েন্ট মুরিং অপারেশনস ও মেইনটেন্যান্স ইন্দোনেশিয়া সরকারের প্রতিষ্ঠান নিয়োগে ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ টাকা ব্যয় অনুমোদন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সেপ্টেম্বরের জন্য আহ্বানকৃত ডিজেল ও জেট এ-১ আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র বাতিলের প্রস্তাবটিও সভায় পাস হয়েছে।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে সভায় যুক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

অর্থনৈতিক অঞ্চলে মেগা অবকাঠামো নির্মাণ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন চট্টগ্রামের আনোয়ারায় ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্পের আওতায় সড়ক (১০ ও ২৪ মিটার প্রশস্ত), জলাধার, গ্যাস সরবরাহ লাইন (ডিআরএসসহ), কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), বহুমুখী জেটি, বর্জ্য সংগ্রহ কেন্দ্র ও ৩৩/১১ কেভি পাওয়ার সাবস্টেশনসহ সামগ্রিক অবকাঠামো নির্মাণের কাজ দেওয়া হয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে (সিআরবিসি)। চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৯ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকা।

এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ : সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের ‘অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স কনট্রাক্টর’ হিসেবে ইন্দোনেশিয়ার খ্যাতনামা সরকারি প্রতিষ্ঠান ‘পিটি পারটামিনা ট্রান্স কন্টিনেন্টাল’-কে নিয়োগ দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা।

জরুরি এলএনজি আমদানি : দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে জিটুজি প্রক্রিয়ায় ‘কাতার এনার্জি ট্রেডিং এলএলসি’ (কাতার এনার্জি ট্রেডিং ইনকরপোরেশন এলএলসি) থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী নভেম্বরে নির্ধারিত মূল্যের চেয়ে ভিন্নমূল্যে (একক দর ঔকগ -০.০২ টঝউ/গগইঃঁ) অতিরিক্ত ২ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বড় চালানে সার ক্রয় : আসন্ন কৃষি মৌসুমে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের ৪টি পৃথক আমদানির প্রস্তাবই অনুমোদন দিয়েছে কমিটি।

কানাডা থেকে এমওপি সার : জিটুজি চুক্তির অধীনে ‘কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন’ (সিসিসি) থেকে দুই ধাপে (৩য় ও ৪র্থ লট) মোট ৮০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন ৩৮৩.৮০ মার্কিন ডলার হিসাবে মোট ব্যয় ধরা হয়েছে ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।

রাশিয়া থেকে এমওপি সার : রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির ভিত্তিতে রাশিয়ার প্রতিষ্ঠান ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ)’ থেকে ৭ম লটের আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

সৌদি আরব থেকে ডিএপি সার : সৌদি আরবের বিখ্যাত প্রতিষ্ঠান ‘মাআদেন’ (গঅ’অউঊঘ) থেকে ৪র্থ লটের ৪০ হাজার টন ডিএপি সার, প্রতি টন ৮৮৫ ডলার হিসাবে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকায় আমদানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মসুর ডাল ক্রয় : বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে টিসিবির মাধ্যমে বিক্রির জন্য খুলনার ‘জাইতুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’ থেকে প্রতি কেজি ৭৬.৮৯ টাকা দরে মোট ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ভ্যাট ও ট্যাক্সসহ ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

খাদ্যশস্য সুরক্ষায় পাটের বস্তা : খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ই-জিপি প্রক্রিয়ায় ৫০টি প্যাকেজের মাধ্যমে ৫০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন ১ কোটি পিস পাটের বস্তা ক্রয়ের অনুমোদন লাভ করেছে। যৌথভাবে ১৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হতে যাওয়া এই চুক্তিমূল্য ১১১ কোটি ৮৬ লাখ টাকা।

বন্যাদুর্গত সড়ক অবকাঠামো পুনর্নির্মাণ : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট জোনের অধীনে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণের (প্যাকেজ ডচ-১৪) কাজ অনুমোদন করা হয়েছে। ১১৮ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ১৩৫ টাকায় ‘আইসিসিএল-বেলাল জেভি’ (ICCL-BELAL JV) এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধি এবং কৃষি ও জ্বালানি খাতের চাহিদা পূরণে এসব গুরুত্বপূর্ণ ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

দরপত্র বাতিল ও রিগ ক্রয় স্থগিত : অন্যদিকে প্রযুক্তি ও কৌশলগত কারণে বাপেক্সের ২ হাজার হর্স পাওয়ার ক্ষমতার ভূ-গর্ভস্থ ড্রিলিং রিগ ও আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয়ের প্রস্তাবটি অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করে আপাতত স্থগিত রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত