সীতাকুণ্ডে ফের মিয়ানমারে পাচারের সময় সার জব্দ, আটক ২

এরআগে, গত ১০ সেপ্টেম্বর একই বাঁশবাড়িয়া ঘাট এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড।

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় আবারও ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।
 
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।
 
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
এরআগে, গত ১০ সেপ্টেম্বর একই বাঁশবাড়িয়া ঘাট এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড। ওই চালানে ছিল ৩৫ হাজার কেজি সার, যার আনুমানিক মূল্য ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা। সে সময় তিনটি ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।
 
পরে উপজেলা প্রশাসন জব্দ করা সার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে। এ সময় একটি ট্রাকের চালককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানিয়েছিল উপজেলা কৃষি বিভাগ।
 
অর্থাৎ, মাত্র ২৪ দিনের ব্যবধানে বাঁশবাড়িয়া ঘাটে দুই দফায় মিয়ানমারে পাচারের সময় মোট ১ হাজার ৩০০ বস্তা বা ৬৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ হলো।
 
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত