চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি চলছে। এর মধ্যেই অনলাইনে যোগদান করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
তিনি বলেন, ‘আমি বিকেলে অনলাইনে যোগদান সম্পন্ন করেছি। শিক্ষা সচিব আমার যোগদান গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব জায়গায় যোগদানের বিষয়টি জানানো হয়েছে।’
ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শিগগিরই ক্যাম্পাসে যাব। তার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করব।’
এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাত্র ৫৬ দিনের মাথায় এই পরিবর্তনের সিদ্ধান্ত আসার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে রাত থেকেই আন্দোলন শুরু করেন তারা। পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের সঙ্গে শিক্ষক সমিতি একাত্মতা প্রকাশ করলে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়।
তৃতীয় দিনের মত অচল চুয়েট, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি