জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ স্বপন হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন হোসেন ওই গ্রামের মো. মোস্তফার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আক্কেলপুর থানাধীন জাফরপুর থেকে হলহলিয়া-গামী পাকা সড়কের স্থানীয় সুদেবের ধানখেতের সামনে থেকে স্বপন হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।