শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজারে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানান, এদিন সকালে যাত্রীর অপেক্ষায় সরিষাকোল বাজারে  সিএনজি অটোরিকশায় বসে ছিলেন মোমিনুল। এ সময় উল্লাপাড়ার দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তার সিএনজিতে ধাক্কা দেয়। এতে তিনি সিএনজি থেকে পাকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সকাল সাড়ে ৬টার দিকে সরিষাকোল বাজারে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন,  দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত