গতি ফেরাতে তদন্ত কর্মকর্তা পরিবর্তন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এর আগে মামলাটির তদন্ত করছিলেন একই থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ হওয়ায় তদন্তের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ জারি করা হয়েছে। মামলার নথিপত্র বুঝে পাওয়ার পরপরই তদন্তকাজ শুরু করবেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের চেষ্টা থাকবে বলেও জানান তিনি।

মামলার বিদায়ী তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে মামলার প্রয়োজনীয় নথিপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হবে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এখন থেকে মামলাটির তদন্ত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা করবেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ঘটনার নেপথ্যে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নতুন তদন্ত কর্মকর্তা খতিয়ে দেখবেন।

উল্লেখ্য, শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁর সহপাঠী ও এলাকাবাসী আন্দোলন করে আসছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত