ডিপসিকের আয় বেড়ে চলছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ডিপসিকের বার্ষিক আয়ের রান রেট ১০০ কোটি ডলারে পৌঁছেছে, যা কেবল কয়েক মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি। ডিপসিকের বেলায়, চলতি আয়ের ধারা গোটা বছর বজায় থাকলে তা একশ কোটি ডলার পেরোবে।

ডিপসিক শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি ও নতুন এআই মডেলের কার্যক্রমও জোরদার করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

গত বছর ডিপসিকের বিভিন্ন এআই মডেল আমেরিকার এআই সক্ষমতা সংক্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করে প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তৈরি করেছিল। কোম্পানিটির দ্রুত অগ্রগতির চিত্রই এই পূর্বাভাষের মাধ্যমে ফুটে উঠেছে।

নিজেদের কার্যক্রম আরও প্রসারিত করতে শিগগিরই কোম্পানিটি শেয়ারবাজারে নাম লেখানোর পরিকল্পনা করছে। ইনফরমেশনের প্রতিবেদন বলছে, সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে সর্বশেষ আয়ের পরিসংখ্যান তুলে ধরেছেন কোম্পানির প্রধান নির্বাহী লিয়াং ওয়েনফেং।

এ সময় কোম্পানিটি ৭৪৫ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় দফার তহবিল সংগ্রহ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

আগামী অক্টোবরের মধ্যে ৫০০ বিলিয়ন ইউয়ান মূল্যায়নে এ তহবিল সংগ্রহ করা হবে। এ ছাড়া ‘সাংহাই স্টক এক্সচেঞ্জ’-এ নিজেদের সম্ভাব্য তালিকাভুক্তির প্রস্তুতিও নিচ্ছে ডিপসিক।

‘সাংহাই স্টক এক্সচেঞ্জ’-এর ‘স্টার মার্কেট’-এ সম্ভাব্য আইপিও বা শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবে ‘সিটিসি সিকিউরিটিজ’কে নিয়োগ দিয়েছে চীনের উদীয়মান এ এআই স্টার্টআপ।

তবে এর সময়সীমা, মূল্যায়ন ও তহবিল সংগ্রহের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি বলে এ মাসেই রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল।

ডিপসিকের প্রধান নির্বাহী লিয়াং ওয়েনফেং বলেছেন, কোম্পানিটি তাদের বেশিরভাগ সম্পদ নতুন মডেল উন্নয়নের পেছনে ব্যয় করছে।

এর মধ্যে মোট কম্পিউটিং সক্ষমতার ৭০ শতাংশের বেশি নতুন মডেল ট্রেনিংয়ের জন্য ও ৩০ শতাংশের কম আগের বা অন্য মডেলগুলো পরিচালনার জন্য বরাদ্দ রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত