ব্রহ্মপুত্রের তাণ্ডব, হুমকিতে পুরো এলাকা

রাতেই নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৪০ মিটার বাঁধ, বড় ফাটলে আরও ধসের আশঙ্কা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ এএম

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ধস দেখা দিয়েছে। এতে বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক হুমকির মুখে পড়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া বাঁধের পাশ দিয়ে তীব্র স্রোতে নদের পানি আছড়ে পড়ছে। বাঁধের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল তৈরি হয়েছে। যেকোনো সময় আরও অংশ নদীগর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রায় ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক নিয়ে তৈরি হয়েছে নতুন করে শঙ্কা।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদে চলে যায়। এখন বাড়িঘর নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত