দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ এএম

নাটোরের সিংড়ায় একটি ঈদগাহ মাঠের জমি মাপজোখ ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়–য়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাছলাড়–য়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে ঈদগাহ মাঠের জমির সীমানা নির্ধারণ ও দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল সকালে জমি মাপজোখ করার সময় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র (হাঁসুয়া) নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষে অনেকের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত