পাবনার সুজানগর উপজেলার অবৈধভাবে সার মজুত করে বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ২৫১ বস্তা সার সাধারণ কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুজানগর দুবলিয়া বাজারে আব্দুল মান্নানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন সুজানগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম।
পাবনা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, দুবলিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন ধরনের সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও চড়া দামে বিক্রি করে আসছিলেন। গোপন খবর পেয়ে রবিবার দুপুরে অভিযান চালিয়ে তার গুদাম থেকে ২৫১ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের মধ্যে রয়েছে টিএসপি, ড্যাপ ও ইউরিয়া।
আইন অমান্য করে অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অপরাধে ব্যবসায়ী আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান জব্দকৃত ২৫১ বস্তা সার সুজানগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী, এ সকল সার এলাকার প্রকৃত ও সাধারণ কৃষকদের মাঝে নির্ধারিত সরকারি মূল্যে বিক্রয় করা হবে।
কৃষকদের স্বার্থ রক্ষায় ও বাজারে সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পাবনা ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।