কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামিদের জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন- দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
এর আগে গত রবিবার এ ২৭ জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। সংশ্লিষ্ট আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার (আজ) জামিন শুনানির দিন ধার্য করেন।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। পল্টন মডেল থানা পুলিশ এবং স্থানীয় উপস্থিত লোকজনদের সহযোগিতায় শনিবার বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনাস্থলে আসার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এজন্য তাদের আপাতত ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারা মোতাবেক কারাগারে আটক রাখা প্রয়োজন।
প্রসঙ্গত, গত শনিবার বিকাল চারটায় রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে আটক করে পুলিশ। পরবর্তীতে যাচাই-বাছাই করে অনেককে ছেড়ে দিয়ে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।