তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে স্বীকৃতি দিল ফ্রেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

তরুণদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব আয়োজিত ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েডিভ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ব্র্যান্ড ব্যবস্থাপনা, বিপণন কৌশল, পণ্য পুনঃঅবস্থান এবং সৃজনশীল যোগাযোগের ওপর বাস্তবভিত্তিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেন।

গ্র্যান্ড ফিনালের ‘দ্য ফুল কোর্ট প্রেস’ পর্বে ফ্যাবল, শিংগারা সিন্ডিকেট, কার্পে ডিয়েম, অ্যাডজাস্টমেড, পিকি ব্লাইন্ডার্স ও মালটোভা এই ছয়টি দল পূর্ণাঙ্গ ৩৬০ ডিগ্রি ব্র্যান্ড সমাধান উপস্থাপন করে। পাশাপাশি তারা অনলাইন ভিডিও বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্যের রিল উপস্থাপন করে।

প্রতিযোগিদের মধ্যে কার্পে ডিয়েম চ্যাম্পিয়ন, পিকি ব্লাইন্ডার্স প্রথম রানার্স-আপ এবং অ্যাডজাস্টমেড দ্বিতীয় রানার্স-আপ হয়েছে।

এবারের আয়োজনের টাইটেল স্পন্সর ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ভোক্তা ব্র্যান্ড ফ্রেশ।

এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক-উজ-জামান খান বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ফ্রেশ সবসময় তরুণ প্রজন্মের সঙ্গে ইতিবাচক ও অর্থবহভাবে যুক্ত থাকার সুযোগকে গুরুত্ব দেয়। ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েডিভ’ তরুণদের নিজেদের ধারণা ও দক্ষতা তুলে ধরার পাশাপাশি বাস্তবভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলার একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা বিশ্বাস করি, আজকের এই তরুণরাই আগামী দিনের ব্যবসা, যোগাযোগ ও সৃজনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান, এমজিআইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমান, এফসিএ, অডিট বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত