জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) দলীয় সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।
গণঅভ্যূত্থানে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ইতোমধ্যে মাইনুল হোসেন খান নিখিলকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২। তিনি পলাতক আছেন।
প্রসিকিউটর তামিম সাংবাদিকদের বলেন, আনুষ্ঠানিক অভিযোগে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগাস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও পল্লবীর কিছু এলাকায় ৫০ জনের বেশি নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে ১৯ আসামিদের বিরুদ্ধে। হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জড়িত ছিলেন। তিনি বলেন, একটি অভিযোগের মধ্যেই ওই কয়েক দিনের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে। ১৯ আসামির প্রত্যেকের ভূমিকা তুলে ধরা হয়েছে।