কটিয়াদীতে অননুমোদিত রং ব্যবহারের দায়ে বেকারিকে জরিমানা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত, অননুমোদিত রং ব্যবহার এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের অপরাধে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা আদায় করেন।

অভিযানকালে বেকারিতে খাদ্যসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতার পাশাপাশি অননুমোদিত রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের কারণে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে বেকারি কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। খাদ্যে অননুমোদিত বা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযান শেষে রুপালী বেকারি কর্তৃপক্ষকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অনুমোদিত উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত