ভয় দেখিয়ে চাঁদা দাবি, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ এএম

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও এসআরবির গাড়ি দাঁড়িয়ে আছে, ধরে নিয়ে যাবে এমন ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, নগদ অর্থ এবং হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইব্রাহিম ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।

ওই ঘটনায় রাতুল নামে একজন ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, চাঁদাবাজি মামলায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর রোডের একটি বাসায় সেনাবাহিনী ও এসআরবি পরিচয় দিয়ে ১৫-২০ জনের একটি দল প্রবেশ করে। এরপর বাসায় থাকা লোকজনকে জিম্মি করে মারধর করে ১২ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে আহত করে। চাঁদা নিতে আসা ব্যক্তিদের পরিচয় সন্দেহ হলে মোহাম্মদপুর থানা পুলিশকে ফোন করলে তারা আমাকে হুমকি দিয়ে বাসা থেকে দ্রুত বের হয়ে যায়। বের হওয়ার সময় তারা বলে যায় যে, নিচে সেনাবাহিনী ও এসআরবির গাড়ি দাঁড়িয়ে আছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় আলোচিত গণধর্ষণ মামলায় চার্জশিটভুক্ত আসামি ইব্রাহিম। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত