রাজশাহী বিশ্ববিদ্যালয়

জুলাই-৩৬ হলে ৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলে ৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হলটির অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে জুলাই-৩৬ হলের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজনুর বর্ণ বলেন, এত সুন্দর একটি আয়োজন করার জন্য হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে এই সাফল্য অর্জন করতে পেরেছি। এই সাফল্যের জন্য আমাদের যে সংবর্ধনা দেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।

একই হলের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত আনজুমান মিতা বলেন, এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য হল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিভাগে প্রথম হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। তবে এই অর্জন শুধু আমার একার নয়- আমার শিক্ষক, পরিবার ও সহপাঠীদের সহযোগিতা এবং অনুপ্রেরণারও ফল। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দিচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, প্রতি বিভাগেই নারী শিক্ষার্থীরা ভালো করছে। বেশিরভাগ বিভাগে প্রথম দিকের সিরিয়ালে মেয়েদের উপস্থিতি বেশি। এটি নারীদের জন্য খুবই ইতিবাচক একটি দিক। এক সময় নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো। এখন সেখানেই তারা ভালো করছে। এটি অত্যন্ত গর্বের বিষয়। আজ যারা পুরস্কৃত হলেন, তাদের জন্য শুভকামনা রইল।

তিনি আরও বলেন, আমি আশা করি, আপনারা জুলাই-৩৬ হলকে আরও ভালো জায়গায় নিয়ে যাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে অবদান রাখবেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা খুব ভালো করছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তারা বিভাগের নাম, হলের নাম এবং বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। সবার জন্য শুভকামনা রইল।

জুলাই-৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাভলী নাহার বলেন, আমাদের কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে আজকের এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজ নিজ ক্ষেত্রে সাফল্য লাভে অনুপ্রেরণা জোগাবে। আমরা আশা করি, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জুলাই-৩৬ হলের সুনাম আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. শরিফুল ইসলাম, শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষ ড. সারওয়ার জাহান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. শরমিন হামিদ,মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. আশিয়ারা খাতুন, রহমাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড. মোসা. ইসমত আরা বেগম, রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. সাবিনা সুলতানা, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. তারান্নুম নাজ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত