রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান জানান, কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। ঘটনার অনুসন্ধানে রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রথমে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তিনজনকে আটক করেছে।
প্রক্টর আরও জানান, আটক ব্যক্তিদের রিমান্ডে নিয়ে এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এসব ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশনের আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।