চট্টগ্রাম নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতাল থেকে মো. হাসান (৩৮) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। তিনি হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং একাধিক মামলার আসামি।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি হাসানকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। পার্কভিউ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর জানান, নিরাপত্তাকর্মীরা জানতে চাইলে তারা ডিবি পরিচয়ের কার্ড দেখান।
পরিবারের দাবি, সকালে সন্তান প্রসবের জন্য হাসান তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান। শারীরিক জটিলতার কারণে স্ত্রীকে সিসিইউ এবং নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। এ অবস্থায় হাসান স্ত্রীর জন্য ওষুধ কিনতে নিচে নামলে ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, সোমবার রাতে হাসানকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাবিতে ছাত্রলীগ নেতা আটক
শিবালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক