বান্দরবানের সুয়ালকে ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তায়িফা সুলতানা নামের ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সুয়ালক বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে।
এ ঘটনায় তার ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকাল থেকে তায়িফা নিখোঁজ থাকলে তার বাবা থানায় জিডি করতে যান। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নার্গিস শিশুকে নিজের কক্ষে নিয়ে যাচ্ছেন। তল্লাশি চালিয়ে নার্গিস সুলতানার ঘর থেকে তায়িফার লাশ উদ্ধার করে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করেছেন, তা বলেননি।
নিহত শিশুর পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বলেন, নার্গিস সুলতানা স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকেন। আপন ভাতিজিকে হত্যার ঘটনায় তারা সবাই স্তম্ভিত। ভাইয়ের বৌয়ের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে হত্যা সম্পর্কে নার্গিস কোনো কিছু বলছেন না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ত্রিশালে ৩ বছরের শিশু হত্যা, সৎ মা-সহ বাবা গ্রেপ্তার
জমি বিরোধের জেরে ৩ বছরের শিশু হত্যা: গ্রেপ্তার ৩