ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশিকা বাংলাদেশ ব্যাংকের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। শরিয়াহসম্মত কার্ডভিত্তিক লেনদেনের প্রসার, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহকের অধিকার সুরক্ষায় এ নির্দেশিকা প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ নির্দেশিকা জারি করা হয়। এটি অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ইসলামী ক্রেডিট কার্ড সেবা প্রদানকারী ব্যাংকগুলোকে শরিয়াহ পরিপালন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং হিসাবসংক্রান্ত তথ্য প্রকাশের যথাযথ ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে গ্রাহকের অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল পরিশোধ ব্যবস্থা ও ইলেকট্রনিক লেনদেনের প্রসার ঘটছে। এর সঙ্গে শরিয়াহসম্মত পরিশোধ উপকরণের চাহিদাও বাড়ছে। এ পরিস্থিতিতে ইসলামী ক্রেডিট কার্ডের সুষ্ঠু, স্বচ্ছ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে নতুন এ নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে। ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনার ক্ষেত্রে এ নির্দেশিকার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য প্রযোজ্য আইন, বিধি, প্রবিধান ও নির্দেশনাও পরিপালন করতে হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত