সালমান শাহ হত্যা মামলায় ফের পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) ধার্য দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ নিয়ে দশমবারের মতো পেছাল। এর আগে গত ৩০ আগষ্ট প্রতিবেদন না আসায় ২৯ সেপ্টেম্বর (আজ) দিন ধার্য করেছিল আদালত।  

আদালতের আদেশের পর ২০২৫ সালে ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম ১১ জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় এ হত্যা মামলাটি করেন। মামলার যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেডিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু, রিজভী আহমেদ ওরফে ফরহাদ।  

গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ডন এখন কারাগারে আছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাট থেকে সালমান শাহ’র মরদেহ উদ্ধার করা হয়। সেই সময় চলচ্চিত্র জগতে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত