২৩৫ ইউনিটের ভুতুড়ে বিল ৫০৬ কোটি: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ

‘মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিট ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় এ অস্বাভাবিক বিল তৈরি হয়েছে।’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল আসার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এ বিল ইস্যু করা হয়। বিল অনুযায়ী, ৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তার বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।

এ ব্যবহারের প্রকৃত বিল হওয়ার কথা ১ হাজার ৯৬৩ টাকা। কিন্তু বিলে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। ভ্যাট ও মিটার ভাড়াসহ মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম জানান, মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিট ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় এ অস্বাভাবিক বিল তৈরি হয়েছে। দ্রুত বিল সংশোধন করা হবে এবং গ্রাহককে ২৩৫ ইউনিটের প্রকৃত বিলই পরিশোধ করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত