দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে একই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাত উল্লাহ শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন এবং গাজী নজরুলের আবেদন খারিজের আদেশ দেন।
জামিন আবেদনে আসামিপক্ষ জানায়, বাদীপক্ষের সঙ্গে আসামিদের ইতিমধ্যে আপস-রফা হয়েছে। আসামিদের জামিন দেওয়া হলে বাদীর কোনো আপত্তি নেই বলে আদালতে উল্লেখ করা হয়। এ সময় মামলার বাদী কাঠগড়ায় উপস্থিত থেকে জামিনের বিষয়ে তাঁর সম্মতির কথা নিশ্চিত করেন।
এর আগে গত সোমবার দুই দফায় মোট ৮ দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন গাজী নজরুলকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। ডিবির রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামি জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন। ঘটনার সময় ভিকটিম মরিয়ম আত্মহত্যা করার মুহূর্তটিতে আসামিরা পাশের রুমেই অবস্থান করছিলেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া আসামি জামিন পেলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রতিবেদনে তুলে ধরা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসান উভয় পক্ষের শুনানি নিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর এই মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে একদিনের রিমান্ড শেষে এবং ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ও নজরুলের মামাশ্বশুর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠায় আদালত। এর আগে ২৩ সেপ্টেম্বর এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে সিআইডি। ২১ সেপ্টেম্বর ঢাকার একটি আদালত গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকছুদার একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নজরুলের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের উল্টোদিকে ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, নজরুল ও তাঁর প্রথম স্ত্রীর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে বাধ্য হয়ে মরিয়ম আত্মহত্যা করেছেন।
এর আগে, গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। পরবর্তী সময়ে ফেসবুক পোস্টের মাধ্যমে ওই তরুণীকে নিজ দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন নজরুল ইসলাম।
রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল, জামিন নামঞ্জুর
জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী