রিমোট কন্ট্রোল খেলনা ঘোষণা দিয়ে আমদানি করা ১ হাজার ৯৮০টি ড্রোন জব্দ করেছে কাস্টম হাউস আইসিডির কমলাপুর বিভাগ। জব্দ করা এসব ড্রোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিল অব এন্ট্রি (বি/ই নং-১২৩৬৭, তারিখ: ২৭/০৯/২০২৬) অনুযায়ী আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকা কর্তৃক বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় আমদানি করা পণ্যচালানটির কায়িক পরীক্ষা করা হয়। এ সময় চালান থেকে ড্রোনগুলো শনাক্ত করা হয়।
এনবিআর আরও জানায়, আমদানি করা ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কাস্টমস কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতির পরিপন্থী কর্মকাণ্ড এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টম হাউস আইসিডি, ঢাকা কঠোর অবস্থানে রয়েছে।