উত্তরায় জাপানিজ রেস্টুরেন্টকে জরিমানা

 বিএফএসএ অভিযানে

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ এএম

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ একটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের এক অভিযানে এই জরিমানা করে তা আদায় করা হয়েছে। 

বিএফএসএ -এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল কোর্ট পরিচালনাকালে রেস্টুরেন্টের রান্নাঘরে নোংরা ও অপরিষ্কার অবস্থায় দেখা যায়। রান্নাঘরে বাসি খাবার ও পোড়া তেল পাওয়া যায়। ফ্রিজে কোনো প্রকার লেবেল সংযোজন ছাড়াই খাদ্যোপকরণ সংরক্ষণ করা হয়েছিল।

পাশাপাশি আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ সংরক্ষণ করতে দেখা গেছে। রেস্টুরেন্টের দায়িত্বপ্রাপ্তরা বাধ্যতামূলক নিবন্ধন সনদ অর্থাৎ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটি সব অপরাধের দায় স্বীকার করেছে। এর ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ অনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত