২৬ কোটি ৩৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধের চূড়ান্ত প্রস্তুতি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আগামী ৪ অক্টোবর তৃতীয় দফায় ৭,৬৪১ জন পলিসিধারীকে ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বকেয়া বীমা দাবি পরিশোধের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। 

বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-এর নেতৃত্বে পরিচালিত চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এবার ৭,৬৪১ জন পলিসিধারীর অনুকূলে মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা পরিশোধ করা হবে।

তৃতীয় দফায় বীমা দাবি পরিশোধের আওতায় রয়েছে—

বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩৪ জন গ্রাহককে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১,৩৮১ জন গ্রাহককে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ২,৩৪৮ জন গ্রাহককে ৯ কোটি টাকা। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ২,১৪০ জন গ্রাহককে ৬ কোটি ৭৮ লাখ টাকা। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১৬৫ জন গ্রাহককে ৩০ লাখ টাকা। সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১,৫৭৩ জন গ্রাহককে ৫ কোটি ৩৫ লাখ টাকা।

এর আগে আইডিআরএ-এর উদ্যোগে দুই দফায় মোট ৮,৪১৭ জন পলিসিধারীর অনুকূলে ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২,৫৪৯ জন পলিসিধারীকে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৫,৮৬৮ জন পলিসিধারীকে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধ করা হয়।

তৃতীয় দফার কার্যক্রম সম্পন্ন হলে আইডিআরএ-এর উদ্যোগে তিন দফায় মোট ১৬,০৫৮ জন পলিসিধারীর অনুকূলে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হবে।

আইডিআরএ মনে করে, দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি পরিশোধের এই ধারাবাহিক উদ্যোগ দেশের বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত