অবাধ-সুষ্ঠু স্থানীয় নির্বাচনে সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম

প্রতিমন্ত্রী বলেন, মানুষকে হয়তো আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, উন্নয়নের গ্যারান্টি দেব।

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় নির্বাচন শেষ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও দলনিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে। জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারে-এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষরা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফুটবল টিমের মতো, কখনোই বিশ্বকাপে যেতে পারবে না। এ অঞ্চল থেকে নির্বাচিতরা কখনো সরকার গঠন করতে পারবেন না। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করতে না পারায় স্বাভাবিকভাবে ওই এলাকা কিছুটা অবহেলিত থাকবে।

তিনি বলেন, এই বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচিত এমপি থাকুক বা না থাকুক, প্রত্যেক জেলা যেন সুষম উন্নয়নের আওতায় আসে। এ জন্য প্রধানমন্ত্রীর ক্যাবিনেট থেকে ৩০ জন মন্ত্রীকে ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে তিনি গাইবান্ধায় দায়িত্ব পালন করতে এসেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ৬০ হাজার কোটি টাকা ঋণের বোঝা আমাদের মাথায়। বিগত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুনাফা ও ঋণসহ মোট ২৫ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে এবং এখন শতাংশ কমে ৩১-৩২-এ চলে আসছে। পাশাপাশি বৈদেশিকভাবে উদ্যোক্তা খোঁজা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিগত বিনা ভোটের নির্বাচন, ডামি নির্বাচন, দিনের ভোটে রাতের নির্বাচন- সব মিলিয়ে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে পরবর্তীতে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় মাত্র সাত মাস হয়েছে। দেশের জনগণের তাদের প্রতি প্রচুর আশা-আকাঙ্ক্ষা রয়েছে। কারণ, জনগণ তাদের অধিকার দিয়েছেন এবং তারা কাজ করছেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষকে হয়তো আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে আমরা উন্নয়নের গ্যারান্টি দেব। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাসযোগ্য গাইবান্ধা, বাসযোগ্য দেশ ও বাসযোগ্য ঢাকা করতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।

এর আগে সড়কপথে বগুড়ার শিবগঞ্জ থেকে গাইবান্ধা সার্কিট হাউসে আসেন প্রতিমন্ত্রী। পরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় যোগ দেন তিনি। বিকেল ৩টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

সর্বশেষ সর্বাধিক পঠিত