ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহেদানের মানজেলাব এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা উচ্ছেদে বৃহস্পতিবার ভোরে অভিযান শুরু হয়। অভিযান এখনো চলছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
জাহেদানে ফার্সের এক প্রতিবেদককে ওই সূত্র বলেন, একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত জায়গাটি লক্ষ্য করে এই অভিযান শুরু করা হয়েছে।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, মানজেলাব এলাকায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল এমন একটি সশস্ত্র দলকে শনাক্ত করে অভিযান চালানো হয়।
আইআরজিসির কুদস হেডকোয়ার্টার্সের দাবি, অভিযানে তাকফিরি গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে বেশ কিছু বিস্ফোরক প্যাকেটও উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে। তবে নিহতদের পরিচয়, তারা কোন নির্দিষ্ট গোষ্ঠীর সদস্য এবং কথিত হামলার লক্ষ্য কী ছিল—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।