রূপালী ব্যাংকে চালু হলো ‘ক্যাশ বাই কিউআর’ সেবা

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

চেক ছাড়াই কিউআর কোড স্ক্যান করে নগদ টাকা উত্তোলনের সুবিধা চালু করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। ‘ক্যাশ বাই কিউআর’ নামের এ সেবার মাধ্যমে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যাংকের যেকোনো শাখা থেকে যে কোনো ধরনের চার্জ ছাড়াই মাত্র দুই মিনিটে নগদ টাকা তুলতে পারবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. হারুনুর রশীদ।

ব্যাংক সূত্রে জানা গেছে, এ সেবার আওতায় গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য আর চেকের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট শাখায় প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে রূপালী ই-ব্যাংক অ্যাপের ‘ক্যাশ বাই কিউআর’ সুবিধা ব্যবহার করতে হবে। এরপর উত্তোলনের পরিমাণ ও অনুমোদন কোড শাখার নগদ লেনদেন কাউন্টারে প্রদান করলেই নগদ টাকা সংগ্রহ করা যাবে।

নতুন এ সেবার ফলে গ্রাহকদের চেক বহন ও চেকের মাধ্যমে টাকা উত্তোলনের প্রচলিত প্রক্রিয়া অনুসরণের প্রয়োজন কমবে। পাশাপাশি নগদ অর্থ উত্তোলনে সময় সাশ্রয় এবং ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছে ব্যাংকটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা ও মো. মইন উদ্দিন মাসুদ এবং উপ-মহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া ও মোল্লা রেজাউল করিম প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত