কুর্মিটোলায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যুবকের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর পর তার পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম হাফিজুর রহমান (২৫)। গাজীপুরের একটি রিসোর্টে তিনি চাকরি করতেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরচিংগুরি গ্রামের মৃত রহমান শেখেরে ছেলে হাফিজুর।

হাফিজুরের গ্রামের প্রতিবেশী মো. জুয়েল জানান, গাজীপুরের জয়দেবপুরের একটি রিসোর্টে হাফিজুর চাকরি করতেন। তিনি এক সন্তানের জনক। বুধবার ছুটিতে গাজীপুর থেকে বাগেরহাটের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। 

জুয়েল আরও জানান, বৃহস্পতিবার সকালে পুলিশের মাধ্যমে হাফিজুরের মৃত্যুর খবর পান তারা। পরে গ্রাম থেকে ঢাকায় এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন।

ঘটনার পর হাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. ফয়জুল্লাহ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুর্মিটোলা হাসপাতালের পাশে রেললাইনে তিনি চিৎকার শুনতে পান। অফিস শেষে ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এগিয়ে গিয়ে রেললাইনের পাশে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে তিনি কোনো কথা বলতে পারছিলেন না।

ফয়জুল্লাহ বলেন, কয়েকজন পথচারী মিলে ওই যুবককে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে ভুক্তভোগীর কাছ থেকে কিছু জানা যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনের কাছ থেকে যতটুকু জানা গেছে, কমলাপুরগামী একটি ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন ওই যুবক। তার ব্যাগ, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

এদিকে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, কুর্মিটোলা এলাকায় ট্রেন থেকে পড়ে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় শনাক্ত হয়েছে। তবে তাকে ফেলে দেওয়া হয়েছে, নাকি কীভাবে তিনি ট্রেন থেকে পড়ে গেছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত