রাজধানীর বাংলামোটর এলাকায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। হাতিরঝিল থানার যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের আঘাতে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮ টার দিকে বাংলামোটর মোড়ের উত্তর পাশের পাম্পের গলিতে এ ঘটনা ঘটেছে। পরে সেখানে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে সোহাগ ও সাইমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারা পরস্পরের প্রতিবেশী। একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে সোহাগ আহত হন।
তিনি জানান, পরে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তার মোটরসাইকেলটি আটক করে ভাঙচুর করেন। পরে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন সাইমনের মোটরসাইকেল আটক করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন। এ সময় স্থানীয় লোকজনকে সাইমনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
আহত সোহাগের ঠিকানা ৬২/এ নিউ ইস্কাটন। তার বাবার নাম মৃত শামসুদ্দিন। সোহাগ অভিযোগ করে বলেন, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।