আইসিবিকে নতুনভাবে ভাবতে হবে

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:২৪ এএম

পুঁজিবাজারের কাঠামো বদলে যাওয়ায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইসিবিকে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক, দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। শুধু সরকারের আশীর্বাদ বা নির্ভরতার ওপর কোনো প্রতিষ্ঠান টেকসইভাবে চলতে পারে না। একই সঙ্গে আইসিবিকে পুরোপুরি ডিজিটাল করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে আইসিবির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে বাজারভিত্তিক ও মুক্তবাজার অর্থনীতির দিকে নেওয়া এবং পুঁজিবাজারকে এর ভিত্তি হিসেবে গড়ে তোলার লক্ষেই আইসিবি প্রতিষ্ঠা করা হয়েছিল। সাধারণ মানুষের সঞ্চয় আইসিবির মাধ্যমে বিনিয়োগে নিয়ে গিয়ে তা অর্থনীতিতে কাজে লাগানোই ছিল প্রতিষ্ঠানটির মূল ধারণা।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মাসুদ খান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইসিবির সাবেক চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইসিবির ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত