ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম
ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের আকুয়া বাইপাস সংলগ্ন গন্দ্রপা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাস গন্দ্রপা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীতমুখী একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে এটি সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশা ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশুসহ সাত যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত